কানাডায় সেনাঘাঁটিতে আগুনে নিহত ৪
- আপডেট সময় : ১২:২৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / 14
কানাডার আলবার্টা প্রদেশে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে ভয়াবহ আগুনে অন্তত চার সেনা সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার (১৮ অক্টোবর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ ঘটনাকে ‘কানাডার মাটিতে সামরিক বাহিনীর জন্য অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন।
কানাডীয় সামরিক বাহিনীর অন্যতম ব্যস্ত প্রশিক্ষণ ঘাঁটি ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটে’ এই অগ্নিকাণ্ড ঘটে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এর সঙ্গে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ কোনো যোগসূত্র থাকার আশঙ্কা নেই।
প্রধানমন্ত্রী কার্নি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর যে সাহসী সদস্যদের আমরা হারিয়েছি, তাদের জন্য পুরো জাতি শোকাহত।’
বিবিসি নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে রয়েছেন সার্জেন্ট মরগান ওং, প্রাইভেট শন ফারেল, প্রাইভেট এইডান গোল্ডিং এবং প্রাইভেট হেইডেন লাইকমার্ক।

































