রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প
- আপডেট সময় : ১১:১৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 14
ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে শাস্তি দিতে মার্কিন কংগ্রেস সম্প্রতি মস্কোর ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপের বিল পাস করেছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্সিয়াল ক্ষমতা ব্যবহার করে এই নিষেধাজ্ঞাগুলো আটকে দিয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ট্রাম্প এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশ জারি করেছেন। খবর বিবিসির।
ওই আদেশে ট্রাম্প বলেছেন, কিছু নিষেধাজ্ঞা স্থগিত রাখা যুক্তরাষ্ট্রের ‘জাতীয় স্বার্থের’ অনুকূলে। ট্রাম্প নিজেই সেপ্টেম্বরে এই নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করে আইনে পরিণত করেছিলেন, যা রোববার থেকে কার্যকর হওয়ার কথা ছিল।
এর কয়েক দিন আগেই ট্রাম্প জানিয়েছিলেন, নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে ডিজেল আমদানি করবে। এই নির্বাচনই নির্ধারণ করবে যে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে।
ট্রাম্পের এই পরিকল্পনা আইনপ্রণেতাদের হতবাক করেছে এবং উভয় দলের (রিপাবলিকান ও ডেমোক্র্যাট) পক্ষ থেকেই এর তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

































