ডেঙ্গুতে দেশে আরো ৮ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 0
দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের প্রাণ গেছে, যার মধ্যেই সাতজনই ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি ছিলেন। এ সময়ে ডেঙ্গু নিয়ে ১ হাজার ৫৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় প্রাণহানি নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৪৭৫ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হন ৫৬৫ জন। অন্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২০৬, বরিশালে ২১১, খুলনায় ২২০, রাজশাহী ২২৯, রংপুর বিভাগে ৭১, ময়মনসিংহে ৭৩ ও সিলেটে ২০ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।



























