হাম ও ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৫:১৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 3
সারা দেশে হাম ও ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে এই দুই রোগে মারা গেছে আরো ৭ জন। এরমধ্যে হাম উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ডেঙ্গুতে মারা গেছে ৩ জন। শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ২৮০ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৭৫ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৮৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৭ হাজার ৭০২ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬১ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৫৫ জনে।
গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে দুই লাখ ১১ হাজার ৮৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ৩ হাজার ২৫৭ জন।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নভেম্বরে প্রথম সপ্তাহে মারা গেছে ৩৫ জন। এছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬৭৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৮০ জনে। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪১ হাজার ২৯৬ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭১৪ জন। এছাড়া চট্টগ্রামে ৩১১ জন, খুলনায় ১৯০ জন, বরিশালে ২১৩ জন, রাজশাহীতে ১৫৩ জন, ময়মনসিংহে ৫০ জন, রংপুরে ৬০ জন এবং সিলেট বিভাগে ২১ জন রোগী ভর্তি হয়েছেন।




























