সিলেট অঞ্চলের শাখা নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 8
ডাচ্-বাংলা ব্যাংকের সিলেট অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা ও গ্রাহকসেবার মান উন্নয়নের লক্ষ্যে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সিলেটের একটি স্থানীয় হোটেলে হাইব্রিড পদ্ধতিতে এ কনক্লেভ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান।
বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের কাছে ‘বেস্ট সলিউশন পার্টনার’ বা বিশ্বস্ত সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত হতে ব্যাংকটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে তিনি গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শন এবং বিভিন্ন কৌশলগত বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন ও ভিত্তি আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
কনক্লেভে সিলেট অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা নিজ নিজ ব্যবসায়িক কৌশল উপস্থাপন করেন। উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তাঁরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।
এ সময় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবার মান উন্নয়ন ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় পর্যবেক্ষণ এবং দিকনির্দেশনা প্রদান করেন।
কনক্লেভে সিলেট অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তারা, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনে অংশগ্রহণ করেন।































