সৌদিতে অগ্নিকাণ্ড: দেশে পৌঁছেছে ৭ বাংলাদেশির নিথর দেহ
- আপডেট সময় : ১০:৫৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 9
সৌদি আরবে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো সাত বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে আনা হয়েছে।
আজ শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৬ ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
শনাক্ত হওয়া প্রবাসীদের মধ্যে পাঁচজনের বাড়ি নওগাঁ এবং দুজনের বাড়ি নাটোর জেলায়। তারা হলেন নওগাঁ সদর উপজেলার মো. শাহিন, আত্রাই উপজেলার মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব ও মো. সাগর আলী। এছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।
বিমানবন্দর কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করে। মরদেহগুলো দাফনের উদ্দেশ্যে তাদের নিজ জেলা নওগাঁ ও নাটোরে পাঠানো হয়।
গত ৯ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।
ঘটনার পর প্রথম দফায় গত ২৭ আগস্ট নয়জনের মরদেহ দেশে পাঠানো হয়েছিল। তবে বাকি সাতজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। পরবর্তীতে দীর্ঘ প্রায় আড়াই মাস সময় নিয়ে ডিএনএ পরীক্ষার জটিল প্রক্রিয়া শেষে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।




























