পাবনায় গুলিতে বিএনপি নেতাসহ নিহত ২
- আপডেট সময় : ০৮:৩০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 22
পাবনার আতাইকুলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে গুলিতে বিএনপি নেতা রিপন হোসেন (৩৭) ও পুষ্পপাড়া হাটের ইজারাদার হাজী আব্দুস সালাম (৫৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম ধর্মগ্রাম এলাকার আরজ বেপারীর ছেলে। রিপন হোসেন একই গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহত দুজনের মরদেহ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের পাশের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
ঘটনার বিস্তারিত জানতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।





























