সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট
- আপডেট সময় : ০১:৩৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 15
বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকির কারণে বন্ধ রাখার পরও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে হ্যাকারের কবলে পড়েছে। এ রিপোর্ট লেখার সময় রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি। তবে আজকের মধ্যে ওয়েবসাইটটি সচল করা সম্ভব হবে বলে জানিয়েছেন জনতা ব্যাংকের আইটি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
জানা গেছে, জনতা ব্যাংকের ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম শনাক্ত হয়েছে। সেগুলো মেরামতের কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মীরা।
জনতা ব্যাংকের আইটি বিভাগের ওই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ওয়েবসাইটে দুটো অ্যাটাকের চিহ্ন পাওয়া গেছে। সেগুলো ঠিকঠাক করতে সময় লাগছে। আশা করা যায়, আজকের মধ্যেই সচল করা সম্ভব হবে।
বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকির কারণে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়।
পাঁচ দিনের ছুটি শেষে রোববার ব্যাংকিং কার্যক্রম শুরুর সঙ্গে মিল রেখে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু করা হলেও জনতা ব্যাংকের ওয়েবসাইট সচল করা যায়নি।




























