তিন লক্ষাধিক ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ১০:৪১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / 25
বিভিন্ন দেশের নাগরিকদের দেয়া তিন লক্ষাধিক ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে এসব ভিসা বাতিল করেছে দেশটি। স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দফতরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ কর্মকাণ্ডে জড়িত এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশি নাগরিকদের লক্ষ্য করে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। একই সঙ্গে ভিসাধারীদের যুক্তরাষ্ট্রের আইন মেনে চলার সতর্কবার্তাও দিয়েছে ওয়াশিংটন।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, মার্কিন পররাষ্ট্র দফতরের কনস্যুলারবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ভিসা বাতিলের বিষয়টি জানিয়েছেন।
পোস্টে তিনি লিখেছেন, তিন লাখের বেশি ভিসা বাতিল হয়েছে, এ সংখ্যা আরও বাড়ছে। ভিসাধারীদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট—যুক্তরাষ্ট্রের আইন মেনে চলুন, নইলে দেশটিতে ভ্রমণের সুযোগ হারাবেন।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে সবসময়ই আমাদের দেশ ও মার্কিন জনগণের নিরাপত্তা সবার আগে।
এ সময় হোয়াইট হাউসের একটি পোস্টও যুক্ত করেন নামদার। ওই পোস্টে বলা হয়, ট্রাম্প প্রশাসন ইতিহাসের অন্য যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে বেশি ভিসা বাতিল করেছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগটও এক্সে দেয়া এক পোস্টে বলেন, অবৈধ কর্মকাণ্ডে জড়িত কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেন—এমন বিদেশি নাগরিকদের ভিসা বাতিল করা হচ্ছে।
তিনি বলেন, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক আইন ভাঙলে, জালিয়াতি করলে কিংবা আমাদের জাতীয় নিরাপত্তাকে দুর্বল করার চেষ্টা করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।




























