২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, ৮ চুক্তির লক্ষ্য
- আপডেট সময় : ০৪:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 23
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের দ্বিপক্ষীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাপানের চার দিনের সরকারি সফরের বিস্তারিত সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হবে। সফরের দ্বিতীয় দিনে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।
বৈঠকের পর দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিসংক্রান্ত সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে অন্তত চারটি সমঝোতা স্মারকে দুই দেশের সই হওয়ার বিষয় চূড়ান্ত হয়েছে। সফরে আটটি সমঝোতা স্মারক সইয়ের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠেয় সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান পরিবহন, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার আধুনিকীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বেশ কয়েকটি সমঝোতা স্মারক বা সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।




























