ভোট দেওয়া-না দেওয়া সবার সরকার হতে চাই: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৪:০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 22
নির্বাচনে ভোট দেওয়া বা না দেওয়ার পার্থক্য না করে সব নাগরিকের জন্য কাজ করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার এমনভাবে কাজ করতে চায়, যাতে যারা সরকারকে ভোট দিয়েছেন, তাঁদের পাশাপাশি যারা ভোট দেননি, তাঁরাও সরকারের সেবা ও সুযোগ-সুবিধা পান। একই সঙ্গে সব ধর্মের মানুষকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে রংপুর নগরের ধর্মসভা রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন শেষে বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দির পরিদর্শনকালে তিনি মন্দির কর্তৃপক্ষের হাতে ১০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন। এর আগে দুপুর ১২টার দিকে নগরের প্রেসক্লাব এলাকায় অবস্থিত মন্দিরে পৌঁছে পূজার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
দেশের সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, হাজার বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষ এ দেশে একসঙ্গে বসবাস করে আসছেন। আগামী হাজার বছরও যেন সবাই শান্তিতে বসবাস করতে পারেন, সে পরিবেশ বজায় রাখতে হবে। তিনি বলেন, ‘আগামী দিনে আমরা যদি আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের সকল ধর্মমতের মানুষকে একসঙ্গে দেশের জন্য কাজ করে আমাদের প্রত্যাশিত সেই বাংলাদেশকে গড়ে তুলতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সমবণ্টনের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চায় সরকার। রংপুর মহানগরের উন্নয়নে একটি বৈঠকে ১ হাজার ৮২৫ কোটি টাকার প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।
স্থানীয় সরকারব্যবস্থার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, জেলা পরিষদের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামে মানুষের প্রয়োজন অনুযায়ী অবকাঠামো গড়ে তোলা হবে। সেতু, কালভার্ট, স্কুল-কলেজসহ প্রয়োজনীয় স্থাপনা পর্যায়ক্রমে নির্মাণ করা হবে, যাতে মানুষ রাষ্ট্রের সুযোগ-সুবিধা পেতে পারেন।
এসব কাজ বাস্তবায়নে রাজনৈতিক ও সামাজিক বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের উন্নয়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং পারস্পরিক ভেদাভেদ ভুলে সামনে এগিয়ে যেতে হবে।




























