নতুন ঋণ নিতে ডিসেম্বরে আইএমএফের সঙ্গে চুক্তি
- আপডেট সময় : ১০:৩৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 41
আন্তর্জাতিক মুদ্রা তাহবিলের (আইএমএফ) কাছ থেকে আগামী ডিসেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদে ৪৫০ কোটি ডলার ঋণ নিতে চায় বাংলাদেশ।
বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ শেষে আগামী ডিসেম্বরের মধ্যে ঋণচুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রতিনিধি দলের শীর্ষ কর্মকর্তারা। চলতি মাসের শেষে আইএমএফের একটি মিশন ঢাকায় আসবে।
সভায় উপস্থিত বাংলাদেশ প্রতিনিধি দলের এক কর্মকর্তা বলেন, ব্যাংকিং খাতের সংস্কার পরিকল্পনা আইএমএফের কাছে তুলে ধরা হবে। সেখানে আমানতকারীদের আস্থা ফেরানোর উপায় এবং খেলাপি ঋণ কমিয়ে আনার বিষয়ে অগ্রাধিকার থাকবে।
ওই কর্মকর্তা বলেন, ইতোমধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরত দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার থেকে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরত দেওয়া শুরু হয়েছে।
২০২৩ সালে আওয়ামী লীগ আমলে স্বাক্ষর করা ঋণচুক্তিতে ২০২৬ সালের মধ্যে খেলাপি ঋণ ১০ শতাংশে নামিয়ে আনার প্রতিশ্রুতি ছিল, যা এখন বেড়ে প্রায় ৩৩ শতাংশে উন্নীত হয়েছে। নতুন ঋণচুক্তিতে খেলাপি ঋণের হার কতটুকু কমানোর প্রতিশ্রুতি দেওয়া হবে, তা এখনও নির্ধারিত হয়নি বলে জানান ওই কর্মকর্তা।
বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। আইএমএফের কাছ থেকে ঋণ সহায়তা নিতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। ঋণের জন্য শর্ত থাকবে; তা পূরণও করতে হবে। কিছু বিষয়ে আলোচনার মাধ্যমে সমঝোতা করা হবে। যদিও সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেছিলেন, কঠিন শর্ত মেনে আইএমএফের ঋণ নেওয়া হবে না।




























