মমতাকে ছুরিকাঘাতের চেষ্টা, নারী আটক
- আপডেট সময় : ০৪:৫৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / 15
পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুরিকাঘাত করার চেষ্টা করেছেন এক নারী । মঙ্গলবার সন্ধ্যার দিকে কলকাতার কালীঘাট এলাকায় মমতার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।
তৃণমূল কংগ্রেসের (মমতাপন্থি) সাধারণ সম্পাদক দোলা সেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কালীঘাট থানায় ইতোমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে দোলা বলেছেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এবং তৃণমূল কংগ্রেসের মমতাপন্থি নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় কালীঘাট মিলন সঙ্ঘের পূজায় যোগ দিতে মমতার বাড়ি থেকে বের হচ্ছিলেন।
বাড়ির গেট পেরোনোর পর এক নারী মমতাকে ‘পিসি’ সম্বোধন করে ছুটে আসেন এবং মমতার ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন। মমতার সাথে থাকা লোকজন তা প্রতিহত করার পর ওই নারী রাস্তায় শুয়ে গালিগালাজ করতে থাকেন।
অভিযোগে তৃণমূল সাধারণ সম্পাদক বলেছেন, ওই নারী মদ্যপ ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তেড়ে আসার সময় ওই নারীর হাতে ছুরি ছিল।
দোলা সেন আরও বলেন, এ ঘটনার পর তারা সেখানে দাঁড়িয়ে থাকা ২ পুলিশ কর্মীর কাছে অভিযোগ করেছিলেন, কিন্তু তারা নিজেদের রাজ্যপুলিশের কর্মী বলে জানান এবং বলেন, কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকায় তারা কিছু করতে পারবেন না।
এদিকে রাতে হামলাকারী ওই নারীকে আটকের তথ্য নিশ্চিত করেছে কলকাতা পুলিশ। পুলিশসূত্রে জানা গেছে, ওই নারীর নাম অনুসূয়া সাহা এবং তিনি কলকাতার নিউ আলিপুরের বাসিন্দা। এক সময় সিভিক ভলান্টিয়ার (কমিউনিটি পুলিশ) থাকা ওই নারী গত এক বছর ধরে ডিউটিতে নেই।




























