ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন ৯ নভেম্বর
- আপডেট সময় : ০৪:৩৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / 11
ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন বসবে আগামী ৯ নভেম্বর সোমবার। রাষ্ট্রপতির আহ্বানে এদিন বিকেল ৩টা ৩০ মিনিটে অধিবেশন আহ্বান করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংসদসচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার মাধ্যমে রাষ্ট্রপতির এই আদেশ সাধারণ অবগতির জন্য জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশনটি ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন গত ২৭ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর শেষ হয়। এই অধিবেশনে মোট ৬টি বিল উপস্থাপিত হয় এবং ৬টি বিল পাস হয়েছে। আইন প্রণয়ন-সংক্রান্ত কার্যক্রমের পাশাপাশি এ অধিবেশনে ৩টি বিশেষ কমিটিসহ ৪৮টির অধিক সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে।
এর আগে ৭ জুন রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন শুরু হয়। এ অধিবেশন চলে ১৫ জুলাই পর্যন্ত। এই অধিবেশনে গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়। এছাড়াও মোট ২৬ কার্যদিবসের এই অধিবেশন চলাকালে মোট ১০টি সরকারি বিল পাস হয়।
এর আগে, ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় এবং ৩০ এপ্রিল প্রথম অধিবেশন সমাপ্ত ঘটে। এ অধিবেশনে সন্ত্রাসবিরোধী (সংশোধন)’ অধ্যাদেশ এবং ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ)’ অধ্যাদেশসহ অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর ১৩টি বিল জাতীয় সংসদে পাস হয়েছে।
এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট ২১০টি আসনে জয়লাভ করে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।




























