অর্থনীতির তিন খাতেই ধাক্কা, সেপ্টেম্বরে আরও কমলো গতি
- আপডেট সময় : ১০:২০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 18
দেশের অর্থনীতিতে গতি ফেরার প্রত্যাশার মধ্যেই গত সেপ্টেম্বরে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও মন্থর হয়েছে। শিল্প উৎপাদনে নতুন ক্রয়াদেশ ও উৎপাদন কমেছে, নির্মাণ খাত আবার সংকোচনের ধারায় ফিরেছে এবং সেবা খাতও টানা দ্বিতীয় মাসের মতো সংকোচনে রয়েছে। বিপরীতে কৃষি খাত সম্প্রসারণের ধারায় থাকলেও সেখানেও প্রবৃদ্ধির গতি কমেছে।
ফলে অর্থনীতির প্রধান চারটি খাতের মধ্যে তিনটির দুর্বলতায় সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি হারানোর চিত্র উঠে এসেছে পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের (পিএমআই) সর্বশেষ মূল্যায়নে।
সেপ্টেম্বরে দেশের পিএমআই কমে ৪৮ দশমিক ৬ পয়েন্টে নেমেছে। আগস্টে এই সূচকের মান ছিল ৪৯ দশমিক ৯ পয়েন্ট। অর্থাৎ এক মাসের ব্যবধানে সূচক কমেছে ১ দশমিক ৩ পয়েন্ট। পিএমআইয়ের মান ৫০-এর নিচে থাকলে অর্থনৈতিক কর্মকাণ্ডের সংকোচন এবং ৫০-এর ওপরে থাকলে সম্প্রসারণ বোঝায়। সেই হিসাবে, গত মাসে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সংকোচনের পর্যায়ে ছিল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত সেপ্টেম্বর মাসের পিএমআই প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে এ সূচক প্রণয়ন করে।
অর্থনীতির প্রধান খাত কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবার সঙ্গে যুক্ত ৪০০টি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের মতামতের ভিত্তিতে সূচকটি তৈরি করা হয়। কাঁচামাল কেনা, নতুন ক্রয়াদেশ, উৎপাদন, কর্মসংস্থান, মজুত ও ব্যবসায়িক কার্যক্রমের মতো বিষয়গুলো এতে বিবেচনায় নেওয়া হয়।




























