কমিউনিটি ক্যাশ অ্যাপে বিও হিসাব খোলার আবেদন সুবিধা
- আপডেট সময় : ০৬:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / 33
পুঁজিবাজারে বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে ডিজিটাল ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ক্যাশ’ অ্যাপে উপকারভোগী মালিক হিসাব খোলার আবেদন সুবিধা চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
নতুন এ সুবিধার আওতায় কমিউনিটি ব্যাংকের গ্রাহকেরা ব্যাংকের ‘কমিউনিটি ক্যাশ’ অ্যাপ থেকেই পুঁজিবাজারে বিনিয়োগের জন্য উপকারভোগী মালিক হিসাব খোলার আবেদন করতে পারবেন। পরবর্তী প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা দেবে কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ব্যাংকের বিনিয়োগ ব্যাংকিং ও পুঁজিবাজার-সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করছে।
ব্যাংকিং সেবা ও বিনিয়োগসুবিধাকে একই ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার ফলে গ্রাহকদের পুঁজিবাজারে বিনিয়োগের প্রাথমিক প্রক্রিয়া আরও সহজ হয়েছে। বিশেষ করে নতুন বিনিয়োগকারীরা এখন কমিউনিটি ক্যাশ অ্যাপ ব্যবহার করে সহজেই উপকারভোগী মালিক হিসাব খোলার আবেদন করতে পারবেন।
নতুন এ সুবিধা চালুর মাধ্যমে ব্যাংকিং সেবার পাশাপাশি বিনিয়োগ-সংশ্লিষ্ট সেবায়ও প্রযুক্তিনির্ভর সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে কমিউনিটি ব্যাংক। এর ফলে গ্রাহকেরা ঘরে বসেই উপকারভোগী মালিক হিসাব খোলার প্রাথমিক প্রক্রিয়ায় যুক্ত হতে পারবেন।
কমিউনিটি ক্যাশ অ্যাপে উপকারভোগী মালিক হিসাব খোলার এ সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। এ সময় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।































