নতজানু হবে না ইরান, পারমাণবিক কর্মসূচিও ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান
- আপডেট সময় : ১২:২৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 0
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে টানা প্রায় সাত মাসের যুদ্ধের পর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দৃঢ়কণ্ঠে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছালে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দিয়েছেন, তার জবাবে বুধবার পেজেশকিয়ান বলেছেন, নিষেধাজ্ঞা, চাপ বা খবরদারির মুখে পড়লে ইরানিদের প্রতিরোধ আরও বাড়বে।
বিবিসি লিখেছে, জাতিসংঘের ৮১ বছরের ইতিহাসে এই প্রথম যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধরত কোনো দেশের প্রেসিডেন্ট নিউ ইয়র্কে এসে সাধারণ পরিষদে ভাষণ দিলেন।
পেজেশকিয়ানের ভাষণের সময় অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান মার্কিন প্রতিনিধিরা।
কয়েক মাস আগেও মার্কিন বিমান হামলা থেকে বাঁচতে যিনি আন্ডারগ্রাউন্ড বাংকার থেকে দেশ পরিচালনা করছিলেন, সেই পেজেশকিয়ান এবার নিউ ইয়র্ক শহরে মার্কিন সিক্রেট সার্ভিসের কড়া নিরাপত্তায় এসইউভি গাড়িবহর নিয়ে ঘুরে বেড়িয়েছেন।
জাতিসংঘে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট বলেন, “আমরা কখনোই মাথা নোয়াব না বা নতজানু হব না। তবে গায়ের জোর না দেখালে আমরা সংলাপ, কূটনীতি ও আলোচনার জন্য প্রস্তুত।”























