দেশজুড়ে বৃষ্টি ঝরবে আরো দুই দিন
- আপডেট সময় : ১১:০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 1
সম্ভাব্য ঘূর্ণিঝড়ের শঙ্কা অনেকটাই কেটে গেছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গত মধ্যরাতে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করেছে এবং বর্তমানে ওই এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে বলে বৃহস্পতিবার সকালে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পুনরায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ অব্যাহত রয়েছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ঘূর্ণিঝড়ের শঙ্কা অনেকটাই কেটে গেছে, গভীর নিম্নচাপটি রাতেই উপকূল অতিক্রম করেছে। তবে এর প্রভাবে আগামী শুক্রবার পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ উত্তরের রাজশাহী ও রংপুর বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে, রাজধানীতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টির প্রবণতা কমে দেশজুড়ে তাপমাত্রা বেড়ে আবার ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় আগামীকাল শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রামের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায়ও বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে। শুক্রবার বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তবে শনিবার থেকে বৃষ্টির প্রবণতা আরও কমে তাপমাত্রা বেড়ে যেতে পারে।























