সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ
- আপডেট সময় : ১২:৩১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 19
সুইজারল্যান্ডের আল্পাইন বা উচ্চ পাহাড়ি অঞ্চলের ভ্যালাইস ক্যান্টনে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানে থাকা তিনজনই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যম সুইসইনফোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
এক বিবৃতিতে ভ্যালাইস আঞ্চলিক পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে টিকিনো অঞ্চলের লুগানো শহর থেকে উড্ডয়ন করা ‘সিরাস এসআর২২টি’ মডেলের একক-ইঞ্জিনবিশিষ্ট বিমানটি ভ্যালাইসের লয়কারবাড পৌরসভার কাছে একটি পাহাড়ের ঢালে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। এতে ওই বিমানে থাকা তিনজনের সবাই প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবা ও উদ্ধারকারী বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছালেও বিমানের ভেতরে থাকা তিনজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের মধ্যে দুজন ব্রিটিশ নাগরিক বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই তিনটি হেলিকপ্টার ও দুজন উদ্ধারকারী বিশেষজ্ঞসহ জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।
























