ডেঙ্গু ভয়ানক: ১৩ দিনে গেছে ৫২ জনের প্রাণ
- আপডেট সময় : ০৯:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 10
দেশে ডেঙ্গু রোগের ভয়ানক প্রাদুর্ভাব চলছে। এডিস মশাবাহিত এই জ্বরে চলতি সেপ্টেম্বর মাসের ১৩ দিনে গেছে ৫২ জনের প্রাণ। প্রতিদিনে গড়ে মারা গেছে চারজন। সর্বশেষ একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে রোববার (১৩ সেপ্টেম্বর) জানানো হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে মোট ১৪৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে সেপ্টেম্বরের গত ১৩ দিনে ৫২ জন মারা গেছেন। এর আগে আগস্ট মাসে মারা গেছেন ৪৩ জন।
এছাড়া, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগে মারা গেছেন।
বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৬১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৩৭ জনে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৩৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৬২৭ জন, খুলনা বিভাগে ২৭৫ জন, বরিশালে ২০২, চট্টগ্রামে ১৮১, রাজশাহী ১০৪, ময়মনসিংহে ৯৩, সিলেট ৬ এবং রংপুরে ৭৩ জন।























