বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের
- আপডেট সময় : ১২:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 29
চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. ফেরদৌস আলম (৫), মিপতা (১৭), মাইক্রোবাসের চালক মুন্না (৪০) এবং পরিচয় না পাওয়া আরও একজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে যাত্রীবাহী মাইক্রোবাসটি কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। রাত প্রায় পৌনে ৩টায় মাইক্রোবাসটি শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছায়। সেখানে ইউটার্ন নেয়া একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিপতা নিহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালক মুন্নাসহ আরও দুজনের মৃত্যু হয়। তাদের মধ্যে একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
কর্ণফুলী থানার পুলিশ জানায়, দুর্ঘটনায় অন্তত ১১ জন আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি নুর আহমদ। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দুজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
























