ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৪১
- আপডেট সময় : ০৮:৫৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 15
সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তারা মারা যান। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ১৪১ জনে দাঁড়াল। এ ছাড়া ডেঙ্গু নিয়ে নতুন করে ৭৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হচ্ছে শনিবার। কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে শুক্রবার জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে একজন মারা গেছেন। এই সময়ে চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (২৪৯ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ৭৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১, খুলনা বিভাগে ৬০, রংপুর বিভাগে ৩৮, রাজশাহী বিভাগে ৩৩ ও বরিশাল বিভাগে ডেঙ্গু নিয়ে ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৭২ জন মারা গেছেন। এই সময়ে খুলনা বিভাগে ২৫ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ১৪, বরিশাল বিভাগে ১২, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।
প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।























