সংবাদ শিরোনাম ::
‘জুলাই জার্নালিস্ট ইউনিটি’র আত্মপ্রকাশ, সাংবাদিকতায় দলীয় পরিচয় বর্জনের আহ্বান
এনবি২৪ ডেস্ক
- আপডেট সময় : ১১:০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 38
গণ-অভ্যুত্থানের চেতনা ও ঐক্য ধরে রাখা এবং সাংবাদিকতায় পেশাগত নীতি ও জনগণের স্বার্থকে গুরুত্ব দেওয়ার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন সাংবাদিক সংগঠন ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি’ (জেজেইউ)।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩২ সদস্যের আহ্বায়ক কমিটিতে সাইফুর রহমান সাগর আহ্বায়ক ও আহসান কামরুল সদস্যসচিব হয়েছেন।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের বিজয় ঐক্যের ভিত্তিতে এসেছে। কিন্তু বর্তমানে বিভাজন দেখে তিনি জুলাই যোদ্ধা হিসেবে লজ্জিত। তিনি সরকারের প্রতি দুর্নীতি বন্ধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আহ্বান জানান।
আলোকচিত্রী শহিদুল আলম সাংবাদিকতায় দলীয় পরিচয় পরিহারের আহ্বান জানিয়ে বলেন, “সাংবাদিকতা হতে হবে জনগণের স্বার্থে। দলীয় সাংবাদিক হওয়া যাবে না।” একই সঙ্গে প্রেসকার্ডের ক্ষমতা ব্যবহার করে কোনো ধরনের সুবিধা নেওয়া থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি।
জেজেইউর আহ্বায়ক সাইফুর রহমান সাগর বলেন, সময়ের প্রয়োজনেই এ সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। জুলাইয়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা সাংবাদিকদের এই সংগঠনে যুক্ত করার কথা জানান তিনি।



























