সৌদিতে দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের
দেশে ফেরার টিকিট হাতে, প্লেনে উঠার আগেই লাশ
- আপডেট সময় : ১০:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 16
দেশে ফেরার টিকিট ছিল হাতে, কিন্তু বিমানবন্দর পর্যন্ত পৌঁছতে পারলেন না। প্লেনে উঠার আগেই হয়ে গেলেন লাশ। ভাগ্যের নির্মম পরিহাসে দেশে ফেরার জন্য জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ বাংলাদেশি। তারা সবাই সিলেটের বাসিন্দা। সোমবার রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
নিহত প্রবাসীরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার বাণীগ্রাম ইউনিয়নের তালুক গ্রামের বাসিন্দা আব্দুল করিম ও খালিদ মিয়া এবং মৌলভীবাজারের আমিন মিয়া ও শাহ আলম।
প্রবাসী বাংলাদেশিরা জানান, তায়েফ থেকে জেদ্দা বিমানবেন্দরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার রাতে রিয়াদ-তায়েফ সড়কের রিদওয়ান ব্রিজের আনুমানিক ৭ কিলোমিটার পর আল-হাওয়িয়াহর দিকে তাদের বহনকারী ইনোভা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। তাদের মরদেহ বর্তমানে আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে।
কানাইঘাট উপজেলার বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন বলেন, ‘খবরটি অত্যন্ত মর্মান্তিক। দুই প্রবাসীর মৃত্যুর খবর পাওয়ার পর আমি তাদের বাড়িতে গিয়েছি। পরিবার দুটির জন্য এটি অপূরণীয় ক্ষতি।’
তিনি বলেন, মরদেহ দেশে ফেরত আনার জন্য পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
কানাইঘাট থানার ওসি আমিনুল হক বলেন, নিহত ৪ জনের মধ্যে ২ জন কানাইঘাট উপজেলার। অন্যদের বিষয়ে জানা যায়নি।
এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
এক শোকবার্তায় তারা জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহতদের ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। নিহত প্রবাসী ভাইদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।
























