বাংলাদেশ ব্যাংকের CMSME খাতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে কমিউনিটি ব্যাংক
- আপডেট সময় : ০৮:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 15
কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (CMSME) উদ্যোক্তাদের চলতি মূলধন অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশের মধ্যে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিসুর রহমান। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় গঠিত এ তহবিলের মাধ্যমে প্রয়োজনীয় চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে না পারা সচল CMSME প্রতিষ্ঠানগুলোকে অর্থায়নের সুযোগ দেওয়া হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ স্কিমের আওতায় উদ্যোক্তারা ৯ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা পাবেন। এর মাধ্যমে CMSME খাতে উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করার লক্ষ্য রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এ পুনঃঅর্থায়ন স্কিমে কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণের ফলে ব্যাংকটির CMSME অর্থায়ন ও আর্থিক অন্তর্ভুক্তির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।




























