ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:১৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 12
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ প্রাণহানি। সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ১৩০ জনের মৃত্যু হলো। এর মধ্যে সেপ্টেম্বরের ৭ দিনে ৩৩ জন, আগস্ট মাসে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গুতে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫৭১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪৭৫ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭৩৮ জন। এছাড়া খুলনা বিভাগে ২৪২ জন, বরিশালে ১৪২, চট্টগ্রামে ১৭৭, ময়মনসিংহে ৭৭ এবং রাজশাহীতে ১১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৪১৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ১২৭ জন।























