২ মোটরসাইকেল আরোহীকে আধা কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে গেল বাস
- আপডেট সময় : ১১:৩৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 25
ফরিদপুরের ভাঙ্গায় দূরপাল্লার বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনাতলা ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পটুয়াখালীর তুষখালী এলাকার আব্দুর রবের ছেলে আনিসুর রহমান (২৮) এবং বরিশালের গৌরনদীর দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন হাওলাদার (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তারা মোটরসাইকেলে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিলেন। বাবনাতলা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘দশমিনা পরিবহন’-এর একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায়।
অভিযোগ রয়েছে, বাসটি সঙ্গে সঙ্গে না থেমে মোটরসাইকেলসহ দুই আরোহীকে প্রায় আধা কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় এবং মরদেহ ক্ষতবিক্ষত হয়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেলেও ‘দশমিনা পরিবহন’ বাসটি হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
























