গ্রাহকসেবার মান উন্নয়নে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ
- আপডেট সময় : ০৬:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 26
গ্রাহকসেবার মান ও গ্রাহককেন্দ্রিকতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ট্রেনিং একাডেমি।
‘কাস্টমার সার্ভিস এক্সিলেন্স: উইনিং হার্টস, বিল্ডিং ট্রাস্ট’ শীর্ষক প্রশিক্ষণটি রোববার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। এতে গ্রাহকসেবা সংশ্লিষ্ট কর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। এ সময় চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার এস.জি.এ. আলিফ-উল-হক আকাশসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, মানসম্মত গ্রাহকসেবা গ্রাহকের আস্থা অর্জন ও দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরির অন্যতম ভিত্তি। তিনি ‘৩এইচ মডেল—হেড, হার্ট ও হ্যান্ডস’ অনুসরণের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি গ্রাহকের প্রয়োজন বোঝা, দায়িত্বশীলতার সঙ্গে সেবা দেওয়া এবং পেশাদার আচরণ নিশ্চিত করতে কর্মীদের প্রতি আহ্বান জানান।
প্রশিক্ষণে গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা, গ্রাহক অভিজ্ঞতা ও সন্তুষ্টি, গ্রাহকসেবার বিভিন্ন পর্যায়, সম্পর্ক উন্নয়ন, পেশাদার আচরণ, অভিযোগ ব্যবস্থাপনা এবং সেবা পুনরুদ্ধারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া ব্যবহারিক অনুশীলন ও ভূমিকাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে ব্যস্ত সময়ে গ্রাহকসেবা পরিচালনা, অসন্তুষ্ট গ্রাহক সামলানো, ভুল বোঝাবুঝি নিরসন, টেলিফোনে পেশাদার আচরণ এবং গ্রাহকসেবা কার্যকরভাবে সম্পন্ন করার কৌশল শেখানো হয়।
কমিউনিটি ব্যাংক ট্রেনিং একাডেমির সমন্বয়ে অভ্যন্তরীণ ও বহিরাগত প্রশিক্ষকদের পরিচালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গ্রাহকমুখী কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মীদের জন্য নেওয়া বৃহত্তর প্রশিক্ষণ উদ্যোগের প্রথম ব্যাচ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সংশ্লিষ্ট কর্মীদেরও প্রশিক্ষণের আওতায় আনার কথা জানিয়েছে ব্যাংকটি।




























