এবার ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের
- আপডেট সময় : ০৯:৩৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 22
ইরানের সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে সমঝোতার পথে বাধা সৃষ্টি করলে ওমানে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওমান যদি পথে বাধা হয়ে দাঁড়ায়, আমরা তাদের বোমা হামলা করব।’ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনার প্রসঙ্গে তিনি এ হুমকি দেন।
এদিকে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রও ইরানের সঙ্গে আলাদা আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই ইরান ও ওমান প্রণালিটির মধ্য দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে।
সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের উদ্দেশে আরও বলেন, দেশটির উচিত ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তুলে দেওয়া।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। জ্বালানি পরিবহনের এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে জাহাজ চলাচলও কমে গেছে।
এর আগে ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করার হুমকিও দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইরানকে পরাজিত করার পর প্রণালিটিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করবেন।
























