জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব তারেক রহমানের
- আপডেট সময় : ০৪:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 9
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অনুদান বাড়ানোসহ পাঁচ দফা জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কপ ৩১ সম্মেলনের প্লেনারি আনাদোলু হলে দ্বিতীয় দিনের ‘লিডার সামিটে’ বক্তব্য দেন বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব হাসান শিপলু।
তারেক রহমান বলেন, বৈশ্বিক জলবায়ু অর্থায়ন এখনও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার এতে যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের বাড়তি বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।
প্রধানমন্ত্রী বলেন, “জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন—আরও ঋণ নয়, যা তাদের ঋণ বাড়িয়ে দেয়। তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজনের জন্য জোরালো সহায়তারও প্রয়োজন।”
সরকারপ্রধান তারেক রহমান বলেন, সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে বাংলাদেশ পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।
প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের চাহিদা ও অগ্রাধিকার অনুযায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় খাপ খাইয়ে নেওয়ার কাজে ব্যয় করতে হবে। পাশাপাশি কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগেও সহায়তা দিতে হবে।
দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ঋণের বোঝা কমাতে বিশেষ ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে রয়েছে জলবায়ু দুর্যোগের সময় ঋণ পরিশোধ স্থগিত রাখা এবং জলবায়ু সুরক্ষার কাজে অর্থ ব্যয়ের শর্তে ঋণ মওকুফের ব্যবস্থা।
তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তি ব্যবহারের সুযোগ সবার জন্য সমান করতে হবে। উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি পৌঁছে দিতেও প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।
চতুর্থত, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সহজ শর্তে অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের ব্যবস্থা করতে হবে।
পঞ্চমত, কপ ৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে। এর মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্য।



























