এনভিডিয়া সিইও হুয়াংয়ের ভাগ্য নির্ধারণে বৈঠকে বোর্ড
- আপডেট সময় : ১০:২৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 12
বিশ্বের শীর্ষস্থানীয় এআই চিপ সরবরাহকারী এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে পদ থেকে সরানো হবে কি না, তা সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
এক সূত্রের বরাতে রয়টার্স লিখেছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার গভীর রাতে এ বৈঠক শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরে কোম্পানির নেতৃত্বে থাকা হুয়াংয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত দুটি সম্পর্কের অভিযোগ ওঠার পর এ পরিস্থিতি তৈরি হয়েছে।
পরিচালনা পর্ষদের বৈঠকের বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি এনভিডিয়া।
রোববারের অবস্থান থেকে এই বৈঠককে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ওই দিন এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াং ও তার নেতৃত্বাধীন দলের প্রতি আস্থা প্রকাশ করেছিল।
এনভিডিয়ার কোম্পানি পরিচালনার বিধি অনুযায়ী, পরিচালকদের সংখ্যাগরিষ্ঠ ভোটে হুয়াংকে যেকোনো কারণ দেখিয়ে বা কোনো কারণ না দেখিয়েই সরানো সম্ভব। কোম্পানিটির পরিচালনা পর্ষদে ১১ জন সদস্য রয়েছেন। হুয়াং ছাড়া বাকি সবাইকে স্বতন্ত্র পরিচালক হিসেবে বিবেচনা করা হয়।
হুয়াংকে যে এনভিডিয়া সরানোর প্রস্তুতি নিচ্ছে, সেই খবর প্রথম সামনে আনে ওয়াল স্ট্রিট জার্নাল। এরপর বাজারে নিয়মিত লেনদেনের সময়ের বাইরে কোম্পানিটির শেয়ারের দাম ৮ শতাংশের বেশি কমে যায়।
রয়টার্স লিখেছে, এ দরপতন অব্যাহত থাকলে হুয়াংয়ের সঙ্গে চীনের গুপ্তচর বলে অভিযোগ ওঠা এক ব্যবসায়ীর সম্পর্ক নিয়ে পরিচালনা পর্ষদ তদন্ত শুরুর ঘোষণা দেওয়ার পর থেকে এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ৬০০ বিলিয়ন ডলার কমে যাবে।
অ্যালিস হুয়াং নামের ওই ব্যবসায়ী এনভিডিয়ার চিপ চীনা কোম্পানিগুলোর কাছে পাঠাতে সহায়তা করেছিলেন কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তদন্তের খবর প্রকাশের পর একের পর এক ঘটনা ঘটতে থাকে।




























