আশুলিয়ায় ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ
- আপডেট সময় : ০৫:১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 1
আশুলিয়া শিল্পাঞ্চল আবারও অশান্ত হয়ে উঠেছে। ছুটি ঘোষণা করা হয়েছে শতাধিক পোশাক কারখানায়। মঙ্গলবার সকালে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অযৌক্তিক ‘ব্ল্যাকলিস্টিং’ বন্ধ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বাসন এবং গ্রেপ্তার হওয়া শ্রমিকদের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পোশাক শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নির্ধারিত সময়েই শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা এবং কার্ড পাঞ্চ করে স্বাভাবিকভাবেই কাজে যোগ দেন। তবে এনভয়, হলিউড, দ্য রোজ, হামিম গ্রুপের নেক্সট কালেকশনসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে গেলেও দাবি আদায়ে লক্ষ্যে কর্মবিরতি পালন শুরু করেন তারা।
এ পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলছেন, “শ্রমিকরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের সরে যেতে বলে। এ সময় তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করলে দুজন শ্রমিক আহত হয়।”
তার ভাষ্য, “শ্রমিকদের ছোড়া ইট পাটেলের আঘাতে আমাদের ৪ থেকে ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শতাধিক পোশাক কারখানায় একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।”
প্রত্যক্ষদর্শী পুলিশ ও শ্রমিকরা জানায়, রাবার বুলেটের আহত স্টার্লিং স্টাইলস লিমিটেডের সুইং মেশিন অপারেটর রাজিয়া বেগম ও ফিনিশিং বিভাগের অপারেটর আলমগীর হোসেনকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।
রাজিয়া বেগমের ভাষ্য, কারখানা সাধারণ ছুটি দিলে আমরা শান্তিপূর্ণভাবে বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ করেই পুলিশ আমাদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ বলেন, “দুজন পোশাক শ্রমিক রাবার বুলেটের আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে রাজিয়া বেগমের মাথায় আঘাত থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর আলমগীর হোসেন নামে আরেক শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।”
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, “নরসিংহপুর এলাকার নিউএইজ কারখানার শ্রমিকরা সকালে কর্মস্থলে এসে মূল ফটোকে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ লাগানো টাঙানো দেখেন।
“এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কারাখানা বন্ধের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন। তখন আতঙ্কে আশপাশের কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।”
তিনি বলছেন, “শ্রমিকরা যে যার মত বাড়ি যাওয়ার জন্য কারখানা থেকে বের হলে পুলিশ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন।”
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া শিল্পাঞ্চলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে বিজিবি।



























