ছুটির দিনের বৃষ্টিভেজা রাজধানী
- আপডেট সময় : ১২:০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 11
রাজধানীতে শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা। থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। কয়েক দিনের গরমের পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে নগরজীবনে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে।
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির এ সম্ভাবনা তৈরি হয়েছে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, উত্তর মিয়ানমার, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও এর আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এটি একই এলাকায় অবস্থান করছে।
মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
শুক্রবার ও শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গায়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। শনিবার সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এই দুই দিনে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।




























