বৃষ্টিহীন দিন, তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরম
- আপডেট সময় : ১২:০০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 11
বর্ষার শেষ সময়ে সোমবার দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি। আজ মঙ্গলবারও পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। তাই দিনের শুরুতেই তৈরি হয়েছে ভ্যাপসা গরম। আগামীকাল বুধবার বৃষ্টিপাত না হলে ব্যবসার গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
এর আগে সোমবার ছিল চলতি বর্ষার বিরল বৃষ্টিহীন দিন। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ওই দিন দেশের কোনো স্টেশনে বৃষ্টিপাত রেকর্ড হয়নি। একই সঙ্গে তাপমাত্রাও বেড়ে যাওয়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় তীব্র ভ্যাপসা গরম অনুভূত হয়। দেশের সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চার জেলায় মৃদু তাপপ্রবাহও বয়ে যায়।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিকের মতে, বর্ষাকালে সারা দেশে একেবারেই বৃষ্টি না হওয়া খুব কম ঘটে। গভীর নিম্নচাপের প্রভাবে দেশের ওপরের বায়ুপ্রবাহের পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ বাতাস তুলনামূলক শুষ্ক হয়ে পড়ায় মেঘ সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়নি। সোমবার দুপুরে আপেক্ষিক আর্দ্রতা প্রায় ৫২ শতাংশে নেমে আসায় গরমের অনুভূতিও বেড়ে যায়।
আগামীকাল বুধবারও চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য কয়েকটি বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। ফলে বৃষ্টির কারণে কিছু এলাকায় সাময়িক স্বস্তি মিললেও দেশের বড় অংশে গরম ও ভ্যাপসা আবহাওয়া অব্যাহত থাকতে পারে।




























