পোশাকশ্রমিকদের ৩০ টাকা কেজিতে চাল দেবে সরকার
- আপডেট সময় : ০১:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 11
উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ৩০ টাকা কেজি দরে কিনতে পারবেন।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে তিন মাসের জন্য এ কার্যক্রম চালু করা হবে। শুরুতে ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
কর্মসূচি বাস্তবায়নে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সংশ্লিষ্ট বাজেট খাত থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থসচিবের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। চিঠিতে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, দেশের বাজারে খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা, নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করা এবং তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় মূল্য সহায়তা দেওয়ার লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় নিয়মিতভাবে ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি করে আসছে। এরই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং সাশ্রয়ী মূল্যে চাল পাওয়ার সুযোগ তৈরি করতে বিশেষ ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে এ চাল বিক্রি করা হবে। প্রতি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের কাছে সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে।
সরকারি খাদ্যশস্যের বিদ্যমান মজুতের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পোশাকশ্রমিকদের সাশ্রয়ী মূল্যে চাল সরবরাহের লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ওএমএস খাতে অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চাল বরাদ্দের পাশাপাশি ট্রাক পরিচালনা, পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের জন্য চলতি অর্থবছরের বাজেটে অতিরিক্ত বা বিশেষ বরাদ্দ চেয়েছে খাদ্য মন্ত্রণালয়।
পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চলতি মাসেই শুরু হবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা আকতার। গণমাধ্যমকে তিনি বলেন, আগামী ২০ নভেম্বর শুক্রবার এ কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।



























