সরকারি শূন্যপদ ৫ লাখ ২১ হাজার ৯২২ টি
- আপডেট সময় : ০৭:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 1
দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরসহ সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব শূন্যপদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে।
অন্যদিকে, বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতি ঠেকাতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রশ্নপত্র মুদ্রণে ব্যবহার করা হচ্ছে পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেস। পাশাপাশি প্রশ্ন সংরক্ষণের ভল্টরুমে প্রবেশে চালু করা হয়েছে ফেসলক প্রযুক্তি।
মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এসব তথ্য জানান। নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের লিখিত প্রশ্নের জবাবে তিনি সরকারি দপ্তরের শূন্যপদের তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী জানান, গত বছরের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত সর্বশেষ ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। বিপুলসংখ্যক এসব পদ পূরণে বর্তমান সরকার ইতোমধ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে।
তিনি বলেন, কর্মপরিকল্পনা অনুযায়ী স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ কার্যক্রমের সর্বশেষ অবস্থা এবং শূন্যপদে নিয়োগসংক্রান্ত তথ্য পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্যপদের বিপরীতে নিয়োগের জন্য সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নে সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে।
বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর নিরাপত্তা
মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহর আরেক লিখিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, লাখ লাখ শিক্ষিত ও বেকার তরুণের স্বপ্ন রক্ষায় বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাকে প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতিমুক্ত রাখতে পিএসসি কঠোর পদক্ষেপ নিয়েছে। প্রশ্ন প্রণয়ন থেকে শুরু করে মুদ্রণ ও সংরক্ষণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনা হয়েছে। এ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ফেসলক প্রযুক্তি এবং প্রশ্নপত্র ছাপা হচ্ছে পিএসসির নিজস্ব প্রেসে।
প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, প্রশ্নপত্র প্রণয়ন ও সংরক্ষণের পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ ক্ষেত্রে অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে। মৌখিক পরীক্ষায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতেও একই ধরনের কঠোর পদক্ষেপ নিয়েছে পিএসসি।



























