খুলনা অঞ্চলের শাখা নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৩৭:১১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 1
ডাচ্-বাংলা ব্যাংকের খুলনা অঞ্চলের শাখাসমূহ নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। গত ৬ নভেম্বর খুলনার একটি স্থানীয় হোটেলে হাইব্রিড পদ্ধতিতে এ কনক্লেভের আয়োজন করা হয়।
ব্যাংকের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান। বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের কাছে ‘বেস্ট সলিউশন পার্টনার’ বা ‘বিশ্বস্ত সহযোগী’ হিসেবে প্রতিষ্ঠিত হতে ব্যাংকটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। গ্রাহকসেবায় উৎকর্ষ অর্জনে তাঁদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শনের পাশাপাশি ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জনে সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
কনক্লেভে খুলনা অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা নিজ নিজ ব্যবসায়িক কৌশল তুলে ধরেন। উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তাঁরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। এ সময় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবার মানোন্নয়ন ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় পর্যবেক্ষণ এবং দিকনির্দেশনা প্রদান করেন।
কনক্লেভে খুলনা অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তারা ছাড়াও রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনে অংশগ্রহণ করেন।































