আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
- আপডেট সময় : ১১:৩২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 14
আজ ঐতিহাসিক ৭ নভেম্বর। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ। সিপাহি-জনতার বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে ১৯৭৫ সালের এই দিনে রাষ্ট্রক্ষমতার পালাবদল ঘটে; উন্মোচিত হয় দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের।
স্বাধীনতার পর ধারাবাহিক রাজনৈতিক অস্থিরতা, সামরিক বাহিনীর অভ্যন্তরীণ সংঘাত ও রাষ্ট্রীয় অনিশ্চয়তার এক গভীর সংকটে বন্দিদশা থেকে মুক্ত হন তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের সম্মুখসারির যোদ্ধা ও সেনাবাহিনীর জনপ্রিয় নেতা জিয়াউর রহমানকে ঘিরে সেদিন সেনাসদস্যদের বিদ্রোহের সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণে গড়ে ওঠে নতুন রাজনৈতিক বাস্তবতা। দেশপ্রেমিক সিপাহি-জনতার ঐক্য এবং জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয়ই ছিল ৭ নভেম্বরের বিপ্লবের মূল প্রেরণা। এ ঘটনাপ্রবাহের মধ্য দিয়েই জিয়াউর রহমানের রাষ্ট্রীয় নেতৃত্বে উত্থানের পথ সুগম হয়।
এ ঐতিহাসিক ঘটনাপ্রবাহের মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতিতে সূচিত হয় নতুন অধ্যায়, আর জাতীয় নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে উঠে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের সম্মুখসারির বীর যোদ্ধা, স্বাধীনতার ঘোষণা পাঠকারী সামরিক কর্মকর্তা থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথে ৭ নভেম্বর তার জীবনের এক অবিস্মরণীয় মাইলফলক। সিপাহি-জনতার বিপ্লব ও সংহতির স্মারক এই দিনটি দেশবাসীর কাছে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পরিচিত।
জিয়াউর রহমানের সামরিক ও রাজনৈতিক জীবনের ভিত্তি গড়ে ওঠে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে। পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন। ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার কণ্ঠে স্বাধীনতার ঘোষণা দেশের মানুষের মধ্যে প্রতিরোধের চেতনা জাগিয়ে তুলতে সহায়ক হয়। পরে তিনি প্রথমে ১ নম্বর সেক্টরের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ১১ নম্বর সেক্টরের অধিনায়ক এবং জেড ফোর্সের প্রধান হিসেবে সম্মুখযুদ্ধে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীর-উত্তম’ খেতাবে ভূষিত করা হয়।
স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মধ্য দিয়ে তার সামরিক নেতৃত্বের অভিজ্ঞতা আরো বিস্তৃত হয়। ১৯৭২ সালে তিনি সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব নেন। পরে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন। ১৯৭৫ সালের ২৫ আগস্ট তিনি সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। মুক্তিযুদ্ধে তার ভূমিকা, পেশাগত দক্ষতা ও সেনাসদস্যদের মধ্যে জনপ্রিয়তা পরবর্তী সময়ে তার রাজনৈতিক উত্থানের গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে। স্বাধীনতার পর মাত্র কয়েক বছরের মধ্যে বাংলাদেশ গভীর রাজনৈতিক সংকটে পড়ে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর রাষ্ট্রক্ষমতায় পরিবর্তন আসে। খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন। কিন্তু পরিস্থিতি স্থিতিশীল হয়নি। সেনাবাহিনীর অভ্যন্তরে নেতৃত্ব, পদোন্নতি ও কমান্ডকাঠামো নিয়ে বিরোধ বাড়তে থাকে। ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থান ঘটে। ওইসময় জিয়াউর রহমানকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে গৃহবন্দি করা হয়। একইদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা নিহত হন।
এমন এক সংকটময় পরিস্থিতিতে ৭ নভেম্বরের প্রথম প্রহরে সেনাসদস্যদের একটি অংশ বিদ্রোহে অংশ নেয়। জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়। সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে সৃষ্ট অসন্তোষ, নেতৃত্বের প্রতি আস্থা এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ সেদিনের ঘটনাপ্রবাহকে প্রভাবিত করে। সৈনিকদের বিদ্রোহের সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণের কারণে দিনটি ‘সিপাহি-জনতার বিপ্লব’ হিসেবে পরিচিতি পায়




























