দেশে ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে: স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৫:১৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 3
দেশে চিকিৎসক সংকট নিরসনে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সারা দেশে নতুন করে প্রায় ২০টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালেও নতুন আইসিইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এসজেডএমসি ডে-২০২৬ অনুষ্ঠানে কেক কাটা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, বগুড়ার স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা সম্পর্কে তিনি অবগত রয়েছেন। সমস্যাগুলো লিখিতভাবে দিতে বলা হয়েছে। পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে।
মন্ত্রী জানান, বিভাগ থেকে ৫০০ জন চিকিৎসক পাওয়া গেছে। তাঁদের মধ্যে ১৭ জনকে বগুড়ার বিভিন্ন উপজেলা ও প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। এ ছাড়া পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ২৫ তারিখে আবেদনের সময়সীমা শেষ হয়েছে। বর্তমানে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নিয়োগের সাক্ষাৎকার প্রক্রিয়া চলছে। এ নিয়োগ সম্পন্ন হলে দেশে চিকিৎসক সংকট অনেকটাই কমবে।
স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, গত সরকারের সময়ে লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশের স্বাস্থ্য খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার স্বাস্থ্য খাতকে সেই অবস্থা থেকে পুনরুদ্ধার করে কার্যকর অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে।
এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও আনন্দ র্যােলির মধ্য দিয়ে এসজেডএমসি ডে-২০২৬-এর কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে সকাল সাড়ে ৯টায় ডে-কেস সার্জারির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ওয়াদুদুল হক তরফদার।




























