হিমায়িত খাদ্য খাতে অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি
- আপডেট সময় : ০৯:০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 9
রপ্তানিমুখী হিমায়িত খাদ্য শিল্পের বিকাশ ও উদ্যোক্তাদের সহজ অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের দুই হাজার কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলের আওতায় অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২ আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ কে এম সাইদুজ্জামান। এ সময় অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির উপস্থিত ছিলেন।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির প্রধান পরিচালন কর্মকর্তা সামসুল হক সুফিয়ানী এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ও কৃষি বিভাগের উপব্যবস্থাপনা কর্মকর্তা শরিফ হাসান মামুন।
বাংলাদেশ ব্যাংকের এ তহবিলের আওতায় রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতের উদ্যোক্তারা সহজ ও সাশ্রয়ী অর্থায়নের সুযোগ পাবেন। এর ফলে হিমায়িত খাদ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি খাতটির উৎপাদন সক্ষমতা বাড়ানো, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা জোরদার এবং বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখবে। পাশাপাশি উদ্যোক্তাদের অর্থায়ন সহজ হওয়ায় শিল্পের বিকাশ ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি জানিয়েছে, এ অংশগ্রহণের মাধ্যমে হিমায়িত খাদ্য খাতের উদ্যোক্তাদের সহায়তার পাশাপাশি দেশের রপ্তানি আয় বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে চায় ব্যাংকটি।































