প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম
- আপডেট সময় : ০৩:১৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 15
দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম।
রাজধানীর গুলশানের একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত প্রীতি সম্মেলনে সংগঠনটির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। প্র্যাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্র্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, সদ্যবিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ সংগঠনটির জ্যেষ্ঠ সদস্যরা।
ব্যাংকগুলোর ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের কর্মকর্তাদের নিয়ে ২০১১ সালে প্র্যাবের যাত্রা শুরু হয়। সংগঠনটি সাধারণত ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয়। প্রতি দুই বছর পর এ কমিটি গঠন করা হয়।
প্র্যাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু জানান, আগামী নভেম্বরে বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।
বণিক বার্তা আয়োজিত প্রীতি সম্মেলনে দেশের বিভিন্ন তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগে কর্মরত দুই শতাধিক কর্মকর্তা অংশ নেন।




























