মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম টেস্ট
২৭২ রানেই অলআউট বাংলাদেশ
- আপডেট সময় : ১২:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 23
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও তা কাজে লাগাতে পারল না বাংলাদেশ। সাদমান ইসলামের সেঞ্চুরির পর ব্যাটিং ধসে মাত্র ৫৯ রান যোগ করতেই শেষ সাতটি উইকেট হারিয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় দিনের সকালে একের পর এক উইকেট হারিয়ে ২৭২ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস।
প্রথম দিনের ভালো অবস্থান কাজে লাগাতে পারল না বাংলাদেশ। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই বাকি সাত উইকেট হারিয়ে ২৭২ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। আগের দিনের ৩ উইকেটে ২১৩ রান নিয়ে খেলতে নেমে মাত্র ৫৯ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ।
দিনের শুরুতে ৯৯ থেকে সেঞ্চুরি পূর্ণ করেন সাদমান ইসলাম। তবে ১০৫ রান করে জশুয়া বিশপের বলে এলবিডব্লিউ হন তিনি। এরপর দ্রুত ফেরেন ৪২ রান করা তাওহিদ হৃদয়ও। মেহেদী হাসান মিরাজ ১৫, নাঈম হাসান ৫ ও হাসান মাহমুদ ৬ রান করে আউট হন। কনুইয়ের চোট নিয়েও লড়াই চালিয়ে যাওয়া লিটন দাস ৩৪ রানে অপরাজিত থাকেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন জোমেল ওয়ারিক্যান। দুটি করে উইকেট পেয়েছেন জশুয়া বিশপ ও শামার জোসেফ। অন্য উইকেটটি জেইডেন সিলসের। ৯৭.৪ ওভারে বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করা হয়েছে।




























