ডি-থ্রি ট্রফিতে শিরোপার লক্ষ্যে তারকাসমৃদ্ধ ওয়ালটন
- আপডেট সময় : ০৯:২১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 13
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন আয়োজন ডি-থ্রি ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে শক্তিশালী দল গঠন করেছে ওয়ালটন। জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার ও প্রতিভাবান তরুণদের নিয়ে ভারসাম্যপূর্ণ স্কোয়াড সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত খেলোয়াড় নিলামে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ, উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস ও অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকসহ বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে ভেড়ায় ওয়ালটন। দলের আইকন ক্রিকেটার হিসেবে রয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
নিলামে তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে দলে নেয় ওয়ালটন। এ ছাড়া লিটন কুমার দাসকে ১ কোটি ৫৫ লাখ, মুমিনুল হককে ৮০ লাখ, নাসুম আহমেদকে ৬৯ লাখ, আরিফুল ইসলামকে ৬২ লাখ, মার্শাল আইয়ুবকে ৩৬ লাখ এবং রনি তালুকদারকে ৩০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বোলিং আক্রমণ শক্তিশালী করতে তরুণ পেসার ইকবাল হাসান ইমনকে ৬৬ লাখ পয়েন্টে দলে নিয়েছে ওয়ালটন। পাশাপাশি সামিউন বাসির রাতুলকে ৫৪ লাখ এবং হাবিবুর রহমান সোহান ও রেজাউর রহমান রাজাকে ৩২ লাখ পয়েন্ট করে দিয়ে দলে ভিড়িয়েছে তারা।
ডি-থ্রি ট্রফিতে ওয়ালটনের কোচের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক স্পিনার আবদুর রাজ্জাক। নিলাম শেষে দল গঠন নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, নিলামের কাঠামো অনুযায়ী দলগুলো তারকা ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড সাজানোর সুযোগ পেয়েছে। ওয়ালটনও সেই সুযোগ কাজে লাগিয়ে শক্তিশালী দল গড়েছে।
নিলামে ওয়ালটনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আমিন খান। দল গঠন নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “সবারই প্রত্যাশা থাকে তার টিমটা জিতুক। আমারও প্রত্যাশা আছে ওয়ালটন টিমটা অবশ্যই জিতুক। কারণ টিম আজকে যেভাবে গঠন করা হয়েছে, প্লেয়ার যাদেরকে নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে আমাদের বেস্ট কোচ আছে আমাদের সঙ্গে। আমরা আশা করি, আমরা ভালো খেলা উপহার দেব, অবশ্যই জিতব।”
দলের অধিনায়ক এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে কোচ আবদুর রাজ্জাক জানান, দলের প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় অধিনায়ক নির্বাচন করা হবে। নতুন দায়িত্ব উপভোগ করছেন জানিয়ে তিনি বলেন, ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকা এবং খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সুযোগ তাঁর জন্য আনন্দের। তবে দলের দায়িত্ব যথাযথভাবে পালন ও ভালো ফল অর্জনই তাঁর প্রধান লক্ষ্য।
বিসিবির আয়োজনে ডি-থ্রি ট্রফিতে টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ক্রিকেট—তিন সংস্করণেই প্রতিদ্বন্দ্বিতা করবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল। প্রতিযোগিতাকে সামনে রেখে অনুষ্ঠিত নিলামে ২৬৯ জন ক্রিকেটারকে তোলা হয়। প্রতিটি দল একজন আইকন ক্রিকেটারের পাশাপাশি নিলাম থেকে ২২ জন করে খেলোয়াড় বেছে নেয়।
মিরাজের অলরাউন্ড নৈপুণ্য, লিটনের ব্যাটিং, তাসকিনের পেস এবং মুমিনুলের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিন সংস্করণেই সাফল্য পেতে চায় ওয়ালটন। অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে তরুণদের সমন্বয়ে গড়া দলটি এখন মাঠের পারফরম্যান্সে নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায়।
ডি-থ্রি ট্রফিতে ওয়ালটনের পূর্ণাঙ্গ স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (আইকন), মুমিনুল হক সৌরভ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, মো. ইকবাল হাসান ইমন, নাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, জিয়াউর রহমান, নাঈম আহমেদ, হাবিবুর রহমান সোহান, সামিউন বাসির রাতুল, চৌধুরী মো. রিজওয়ান, এস এম মেহেরব হাসান, ইমরানউজ্জামান, আসাদুজ্জামান পায়েল, রবিউল হাসান অনিক, রবিউল ইসলাম রবি ও রাকিব হাওলাদার।




























