জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার খবর ভিত্তিহীন
- আপডেট সময় : ০৩:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 105
জনতা ব্যাংক পিএলসির মূল সার্ভার হ্যাক বা সাইবার হামলার শিকার হওয়ার খবরকে বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত এক স্পষ্টীকরণ ও প্রতিবাদলিপিতে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, জনতা ব্যাংকের মূল সার্ভারে সাইবার হামলার কোনো ঘটনা ঘটেনি। বিভিন্ন গণমাধ্যমে ‘সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট’ শিরোনামে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এ বক্তব্য দেওয়া হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসাসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সতর্কবার্তার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকসহ দেশের প্রধান আর্থিক প্রতিষ্ঠানগুলো বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে।
এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে সরকারি ছুটির দিনগুলোতে জনতা ব্যাংকের ওয়েবসাইট সাধারণ ব্যবহারকারীদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে ওয়েবসাইটটি পুনরায় চালু করা হয়েছে বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ।
জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের পাবলিক রিলেশন ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে এ তথ্য জানানো হয়।































