বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- আপডেট সময় : ০৩:৩১:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / 24
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগকারীদের অপেক্ষার মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। সোমবার (১৯ অক্টোবর) তেলের দাম কমে আসায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য ও চলতি বছরের শেষ দিকে সুদের হারের গতিপথ মূল্যায়ন করছেন বিনিয়োগকারীরা।
এদিন বাংলাদেশ সময় সকাল ১টা ৪১ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৪ শতাংশ বেড়ে ৪ হাজার ১৮১ ডলার ৮৪ সেন্টে দাঁড়ায়। অন্যদিকে, ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২০২ ডলার ৭০ সেন্টে পৌঁছায়।
সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম পাঁচ মাসের সর্বোচ্চ অবস্থান থেকে নেমে আসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও শুল্কে ছাড় দেওয়ার পর দেশটি থেকে জ্বালানি রপ্তানি বাড়তে পারে—এমন সম্ভাবনার মধ্যে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও উৎপাদক মূল্যসূচক (পিপিআই) প্রত্যাশার তুলনায় শক্তিশালী অবস্থানে ছিল। এর পেছনে জ্বালানির, বিশেষ করে পেট্রলের দাম বেড়ে যাওয়ার ভূমিকা ছিল। তবে তেলের দাম কমে আসায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘সপ্তাহের শুরুতে স্বর্ণের দামে সামান্য বৃদ্ধি দেখা যাচ্ছে। মূল্যস্ফীতির দৃষ্টিকোণ থেকে তেলের দামে নরম প্রবণতা স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।’




























