গ্রাহকসেবার মানোন্নয়নে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ
- আপডেট সময় : ০৫:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 12
ব্যবসায়িক কৌশল পর্যালোচনা ও গ্রাহকসেবার মান উন্নয়নের লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংকের রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বগুড়ার একটি স্থানীয় হোটেলে হাইব্রিড পদ্ধতিতে এ কনক্লেভ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান।
অনুষ্ঠানে তিনি বলেন, গ্রাহকদের কাছে ‘বেস্ট সলিউশন পার্টনার’ বা বিশ্বস্ত সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গ্রাহকসেবায় উৎকর্ষ অর্জনে গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শন এবং কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন ও ভিত্তি আরও শক্তিশালী করতে কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
কনক্লেভে রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা নিজ নিজ শাখার ব্যবসায়িক কৌশল উপস্থাপন করেন। উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তাঁরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। এ সময় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবার মানোন্নয়ন ও ব্যবসায়িক লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তারা ছাড়াও রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনে অংশগ্রহণ করেন।































