বাংলাদেশের সংকট মোকাবিলায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ও চীন
- আপডেট সময় : ১০:০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 27
বাংলাদেশের অর্থনীতির সংকট মোকাবিলায় সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র এবং চীন। ব্যাংককে চলমান বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভার ফাঁকে বুধবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট এবং চীনের এক্সিম ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন ইস্যুতে সহযোগিতা চাওয়া হলে দেশ দুটি ইতিবাচক সাড়া দেয়। বাংলাদেশ প্রতিনিধি দলের একাধিক কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, চীনের এক্সিম ব্যাংক বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ব্যাংকটির চেয়ারম্যানের ঢাকা সফরের কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট বাংলাদেশের ঋণ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে। আইএমএফের ঋণ কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি বিবেচনায় দেশটির সমর্থন ও সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
তারা আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ, জ্বালানি তেল ও নিত্যপণ্য আমদানির বড় প্রেক্ষাপটে বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মার্কিন অনুদান ও বিশেষ সহযোগিতা চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলো এ দাবিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে বলে বৈঠক-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কেনার পাশাপাশি সয়াবিনসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়িয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বার্থে যুক্তরাষ্ট্রের আরও সহায়তা পাওয়া উচিত।




























