পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়ক
- আপডেট সময় : ০২:০২:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / 11
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরায় তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বিমানবন্দর ও আজমপুর সড়ক অবরোধ করেন বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা।
শ্রমিকদের সড়ক অবরোধের কারণে বিমানবন্দর সড়কে যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। দীর্ঘ যানজটে আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষ। অনেককে যানবাহন ছেড়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।
পুলিশের উত্তরা ট্রাফিক বিভাগের এডিসি রুবেল হক জানান, কয়েকটি কারখানার শ্রমিকরা বুধবার সকালে আজমপুর এলাকায় সড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেয়। পরে তারা বিমানবন্দরের দিকে সরে যায়। এখন বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
উত্তরা ট্রাফিক বিভাগের ডিসি শাহজাহান হোসেন বলেন, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে সোমবার থেকে সড়কে বিক্ষোভ করে আসছেন কিছু পোশাক কারখানার কর্মীরা।




























