আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের সহায়তায় কমিউনিটি ব্যাংকের অনুদান
- আপডেট সময় : ০৬:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 14
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে (আইজেএসও) অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
সোমবার দুপুরে রাজধানীর সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাতে অনুদানের চেক তুলে দেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন উপস্থিত ছিলেন।
আগামী ২ থেকে ৯ ডিসেম্বর বুলগেরিয়ায় অনুষ্ঠিত হবে ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের জরুরি আর্থিক সহায়তা নিশ্চিত করতে ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এ অনুদান দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, আন্তর্জাতিক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের যোগ্যতা তুলে ধরার সুযোগ সৃষ্টিতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মের জ্ঞান, উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক দক্ষতা বিকাশে এ উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক শামিম সুলতানা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে কমিউনিটি ব্যাংককে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম এবং বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা)।
কমিউনিটি ব্যাংক জানিয়েছে, শিক্ষা, বিজ্ঞানচর্চা, মেধা বিকাশ ও জনকল্যাণমূলক কার্যক্রমে অবদান রাখার অংশ হিসেবে ব্যাংকটি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।































