বিদেশি ফলের দাম কমাতে এলসি খোলার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
- আপডেট সময় : ০২:৩৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 14
বাজারে সরবরাহ কম থাকায় মাল্টার দাম বেড়ে কেজি ৫২০ টাকা পর্যন্ত ওঠায় অসন্তোষ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অস্বাভাবিক দামে এই ফলটি বিক্রির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে সরবরাহ বাড়াতে এবং বিদেশি ফলের দাম কমাতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র (এলসি) খুলে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলের সরবরাহ ও বাজারদর নিয়ে ব্যবসায়ী ও সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব নির্দেশনা দেন।
সভায় আমদানিকারকরা জানান, দেশে মাল্টার সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমেছে। তাদের হিসাবে, কোনো কোনো সপ্তাহে মাত্র ১২ থেকে ২৯ কনটেইনার মাল্টা দেশে এসেছে। অথচ স্বাভাবিক চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ১৫ কনটেইনার প্রয়োজন হয়।
সরবরাহ কমে যাওয়ার পেছনে উচ্চ শুল্ক, পরিবহন ব্যয়, জাহাজ ও বন্দরের বিভিন্ন জটিলতা এবং আগের চালানে লোকসানকে কারণ হিসেবে তুলে ধরেন ব্যবসায়ীরা। পচনশীল পণ্য হওয়ায় পরিবহন ও সংরক্ষণে ঝুঁকি থাকায় অনেকে আমদানিও কমিয়ে দিয়েছেন বলে জানান তারা।
ব্যবসায়ীদের বক্তব্য শোনার পর বাণিজ্যমন্ত্রী বিকল্প উৎস থেকে মাল্টা আমদানি বাড়ানোর ওপর জোর দেন। দ্রুত এলসি খুলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে সরবরাহ বাড়ানোর জন্য আমদানিকারকদের প্রতি আহ্বান জানান তিনি।




























